দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইয়েমেনের পূর্বাঞ্চলে সৌদি বাহিনীর একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ দাবি করেন।
তিনি বলেন, মারিব শহরের কেন্দ্রের উত্তরে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি সাহন আল-জিনে সৌদি বাহিনীর অবস্থান, অস্ত্রের গুদাম, সামরিক যান ও সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
সারি দাবি করেন, ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন উড়োজাহাজ দিয়ে চালানো এসব হামলা ছিল ‘সুনির্দিষ্ট ও কার্যকর’। হুতিরা ‘উত্তেজনার জবাব উত্তেজনা দিয়ে’ দেওয়া অব্যাহত রাখবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সৌদি আরব হুতিদের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।
বৃহস্পতিবার সকাল থেকে ইয়েমেনে সৌদি ও সরকারি বাহিনীর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হুতিরা ধারাবাহিক হামলা চালিয়ে আসছে বলে জানা গেছে।
এর আগে শুক্রবার ইয়েমেনের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, রাজধানী সানার পূর্বে মারিবের আকাশে ইরান-সমর্থিত হুতিদের উৎক্ষেপণ করা বেশ কয়েকটি চালকবিহীন উড়োজাহাজ ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বার্তা সংস্থা রয়টার্সও এ তথ্য জানিয়েছে।
এদিকে, শুক্রবার মারিব প্রদেশে হুতিদের হামলায় অন্তত দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী।
ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, বৃহস্পতিবার মারিব ও হাদরামাউতে দেশটির সশস্ত্র বাহিনীর বিভিন্ন শিবির ও ইউনিটে প্রাণঘাতী হামলা চালিয়েছে হুতিরা।
সূত্র: সিএনএন
/অ